্কিশোরগঞ্জ সদর থানায় দায়েরকৃত একটি ধর্ষণ মামলার পলাতক আসামি মোঃ আলমকে (২৭) গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ (কিশোরগঞ্জ ক্যাম্প)। আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা সদরের মহেশখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম এবং অভিযুক্ত আলম একই গ্রামের প্রতিবেশী। আলম দীর্ঘদিন ধরে ভিকটিমকে কু-প্রস্তাব দিয়ে আসছিল এবং বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দিত।
গত ৭ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৭টার দিকে ভিকটিম বাড়ির পাশে ছাগল চড়াতে গেলে আলম তাকে জোরপূর্বক মুখ চেপে ধরে নিজের বসতঘরে নিয়ে যায়। সেখানে ভয়-ভীতি প্রদর্শন করে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করা হয়।
এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে কিশোরগঞ্জ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-১৯, তারিখ: ১৭ জানুয়ারি ২০২৬)। মামলা হওয়ার পর থেকেই আসামি আত্মগোপনে চলে যায়।
র্যাব-১৪-এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আজ বেলা ১২টার দিকে মহেশখালী এলাকায় অভিযান চালিয়ে আলমকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব জানায়: "ঘটনার পর থেকেই আমরা ছায়া তদন্ত শুরু করি। আসামির অবস্থান নিশ্চিত হওয়ার পরপরই তাকে আইনের আওতায় আনা হয়েছে।"
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মোঃ সেলিম মিয়া