কুড়িগ্রামে বেকারত্বের হতাশায় আবুল কালাম আজাদ (২১) নামে এক শিক্ষিত যুবক আত্মহত্যা করেছে বলে জানা গেছে। তিনি মৃত্যুর আগে পরিবারের উদ্দেশ্যে একটি চিরকুট লিখে যান।
শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে কুড়িগ্রামের উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের গণকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তার পরিবারসহ ওই এলাকায় এক শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আবুল কালাম আজাদ বেকারত্ব ও মানসিক চাপে ভুগছিলেন। কাজের চেষ্টা করেও সফল হতে না পাড়ায় তিনি হতাশ হয়ে পড়েন। ঘটনার আগে পরিবারের উদ্দেশে একটি এক আবেগঘন চিরকুট লিখে যান তিনি।
চিরকুটে তিনি লেখেন
“প্রিয় পরিবার" আমি অনেক ভাগ্যবান যে তোমাদের মত পরিবার আমি পাইছি। কিন্তু আমার মনে হয়, আমার মত ছেলে পেয়ে তোমরা একটুও সুখী নও। কারণ আমি বেকার। আমি সারাজীবন শুধু তোমাদের খেয়ে গেছি, কখনো তোমাদেরকে খাওয়াইতে পারি নাই। তোমরা সবাই আমাকে মাফ করে দিও। আর আমার জন্য দোয়া করিও। আর আমিও দোয়া করি, আমার মত ছেলে যেন কোনো পরিবারে না জন্মে।
উলিপুর থানার ওসি সাঈদ ইবনে সিদ্দীক জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ছেলেটি আত্মহত্যা করতে পারে এবং তার কাছ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট আসলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।