নির্বাচনী দায়িত্ব শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যের মৃত্যু: দোয়া ও মোনাজাতে শোকাহত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
সারাদেশে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬। এ সফল আয়োজনের নেপথ্যে নিরলস দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী-এর প্রতিটি নিবেদিতপ্রাণ সদস্য।
বাহিনীর সম্মানিত মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়ের নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশে প্রদত্ত দিকনির্দেশনা ও বাণীর সর্বোচ্চ মান অক্ষুণ্ণ রেখে আনসার ও ভিডিপি সদস্যরা সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। প্রয়োজন হলে শেষ রক্তবিন্দু দিয়েও নির্বাচনকে সফল করার দৃঢ় প্রত্যয়ে তারা মাঠপর্যায়ে দায়িত্ব সম্পন্ন করেছেন—যা বাহিনীর আদর্শ, শৃঙ্খলা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত।
নির্বাচনকালীন গুরুত্বপূর্ণ দায়িত্ব শেষে ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামে অঙ্গীভূত আনসার সদস্য মোঃ আব্দুল জব্বার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর এই মৃত্যুতে বাহিনী গভীরভাবে শোকাহত।
আজ ১৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বাহিনীর সদর দপ্তর জামে মসজিদসহ একাডেমি, রেঞ্জ, জোন, ইউনিট ও জেলা পর্যায়ে বাহিনীর পক্ষ হতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বাহিনীর সম্মানিত মহাপরিচালক মহোদয় সদর দপ্তর জামে মসজিদে উপস্থিত থেকে দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন। এ সময় অতিরিক্ত মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাতে নির্বাচনকালীন দায়িত্ব পালনে আহত ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সদস্যদের দ্রুত আরোগ্য কামনা করা হয়। পাশাপাশি মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও আহত সদস্যদের পরিবারের প্রতি বাহিনীর পক্ষ থেকে গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করা হয়।
জাতীয় দায়িত্ব পালনে আত্মোৎসর্গকারী এ সাহসী সদস্যের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।