আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মোতায়েনকৃত সদস্য-সদস্যাদের নিয়ে আজ ০৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নোয়াখালী জেলা শহীদ ভুলু স্টেডিয়ামে এক বর্ণাঢ্য ও সুশৃঙ্খল নির্বাচনী প্রস্তুতিমূলক হাজিরা প্যারেড অনুষ্ঠিত হয়।
উক্ত হাজিরা প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, এনডিসি, পিএসসি মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক মো. মাহবুবুর রহমান (রেঞ্জ কমান্ডার, কুমিল্লা)সহ বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য মনোনীত নোয়াখালী জেলার বিভিন্ন পর্যায়ের প্রায় ১১,০০০ (এগারো হাজার) আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা স্বতঃস্ফূর্তভাবে হাজিরা প্যারেডে অংশগ্রহণ করেন। হাজিরা প্যারেডের মাধ্যমে সদস্যদের উপস্থিতি, প্রস্তুতি, শৃঙ্খলা ও দায়িত্ব পালনের মান যাচাই করা হয়।
হাজিরা প্যারেডে অতিরিক্ত মহাপরিচালক মহোদয় বলেন, “আসন্ন নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করতে আনসার ভিডিপি সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনের সময় সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সতর্কতা বজায় রাখতে হবে।”
তিনি আরও বলেন, ভোটের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে নিয়ন্ত্রণের লক্ষ্যে নতুন ও আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতি ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ১৩ জন আনসার সদস্যের মধ্যে ২ জন সদস্য নির্বাচন সুরক্ষা অ্যাপসের মাধ্যমে যেকোনো অস্বাভাবিক পরিস্থিতির ছবি তাৎক্ষণিকভাবে আপলোড ও রিপোর্ট করবেন।
প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে টহলরত আনসার ব্যাটালিয়নসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর স্ট্রাইকিং ফোর্স দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। তিনি স্পষ্টভাবে বলেন, “ভোটকেন্দ্রের নিরাপত্তায় কোনো ধরনের শৈথিল্য বরদাস্ত করা হবে না। সামান্য কিছু অস্বাভাবিক মনে হলেই তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।”
সবার সম্মিলিত প্রচেষ্টা ও পেশাদার দায়িত্ব পালনের মাধ্যমে দেশবাসীকে একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবো এমনই আশাবাদ ব্যক্ত করেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক মহোদয়।
উল্লেখ্য- নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে মোট ভোটকেন্দ্র ৮৭৫টি। এখানে প্রতিকেন্দ্রে ১৩ জন করে মোট ১১ হাজার ৩৭৫ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে।