কিশোরগঞ্জে বেসরকারি গ্রন্থাগারসমূহের অংশগ্রহণে ‘জাতীয় ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম ২০২৫’-এর পাঠ প্রতিযোগিতা ও মূল্যায়ন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজ মিলনায়তনে এই আয়োজন সম্পন্ন হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় গ্রন্থকেন্দ্রের নির্দেশনায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ হারুন অর রশিদ।
এবারের প্রতিযোগিতায় শিক্ষার্থীদের দুটি গ্রুপে ভাগ করা হয়েছিল: ক’ গ্রুপ (ষষ্ঠ থেকে দশম শ্রেণি): পাঠ্য বই ছিল কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘তোমাদের জন্য ভালোবাসা’।
‘খ’ গ্রুপ (একাদশ থেকে দ্বাদশ শ্রেণি): পাঠ্য বই ছিল জহির রায়হানের কালজয়ী উপন্যাস ‘আরেক ফাল্গুন’।
অংশগ্রহণকারী প্রতিযোগীরা নির্ধারিত বইগুলোর ওপর তাদের স্ব-রচিত পাঠ প্রতিক্রিয়া উপস্থাপন করেন।
প্রতিযোগিতায় মূল্যায়নকারী হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন: মুহাম্মদ আবু ছিদ্দিক আকন্দ, ইনস্ট্রাক্টর (গণিত), কিশোরগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজ। মোছাঃ ফেরদৌসী, ইনস্ট্রাক্টর (বাংলা), কিশোরগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজ।
শাহ মোঃ সারওয়ার জাহান, পরিচালক, সংযোগ যুব গণ পাঠাগার আর্কাইভ ও বিজ্ঞান ক্লাব।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সৃজনশীলতা ও উপস্থাপনা যাচাই করে উভয় গ্রুপ থেকে মোট ১০ জন বিজয়ীকে নির্বাচন করা হয়। এর মধ্যে ‘ক’ গ্রুপ থেকে ৫ জন এবং ‘খ’ গ্রুপ থেকে ৫ জনকে চূড়ান্তভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
সভাপতির বক্তব্যে প্রকৌশলী মোঃ হারুন অর রশিদ বলেন, "নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে জাতীয় গ্রন্থকেন্দ্রের এই উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"