স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ০২ অক্টোবর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ০২ অক্টোবর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটে নাটকীয়তা, তিনটিতে স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম
এক নজরে : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে বাগেরহাট-১, বাগেরহাট-২ ও বাগেরহাট-৪ সংসদীয় আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম। সোমবার (২২ ডিস...
জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটে নাটকীয়তা, তিনটিতে স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম
Watermark Logo
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে বাগেরহাট-১, বাগেরহাট-২ ও বাগেরহাট-৪ সংসদীয় আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম। 

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বড় ছেলে মেহেদী হাসান প্রিন্স।

জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. মোত্তালেব হোসেনের কাছ থেকে বাগেরহাট-১ (ফকিরহাট-মোল্লহাট-চিতলমারী), বাগেরহাট-২ (বাগেরহাট সদর- কচুয়া) ও বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

মনোনয়নপত্র সংগ্রহ করে মেহেদী হাসান বলেন, “আমরা তিনটি আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন। আমরা যেন বাগেরহাটের মানুষের সেবা করতে পারি।

এদিকে দুপুর ২ টার দিকে বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেন মো.খায়রুজ্জামান শিপন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে বাগেরহাট-১ আসনে কপিল কৃষ্ণ মণ্ডল, বাগেরহাট-২ আসনে ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, বাগেরহাট-৩ আসনে শেখ ফরিদুল ইসলাম ও বাগেরহাট-৪ আসনে সোমনাথ দে-কে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে বলে তারা জানিয়েছেন।
 
এর আগে, গত ১৫ ডিসেম্বর মনোনয়নপত্র সংগ্রহ করেন বাগেরহাট-২ আসনে জামায়াত ইসলাম মনোনীত প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাত এবং রোববার খেলাফত মজলিস মনোনীত প্রার্থী অ্যাডভোকেট বালী নাসের ইকবাল।

এদিকে বাগেরহাট-১, বাগেরহাট-২ ও বাগেরহাট-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ, মশাল মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন স্থানীয় নেতৃবৃন্দ।

এর মধ্যে বাগেরহাট-১ ও বাগেরহাট-৪ আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থী সাবেক আওয়ামী লীগ নেতা বলে উল্লেখ করে স্থানীয় নেতৃবৃন্দ তাদের প্রত্যাখ্যানের কথা বলছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কপিল কৃষ্ণ মন্ডলের সাথে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক এমপি শেখ হেলাল  উদ্দিনের ছবি পোষ্ট করা হয়েছে।

এছাড়াও জাতীয় পার্টি, গণধিকার পরিষদ, এনসিপি এবং ইসলামী আন্দোলন'সহ অন্যান্য প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহের খবর এখনো জানা সম্ভব হয়নি।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন