ফরিদপুর জেলা নগরকান্দা উপজেলা পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাবের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষার ষষ্ঠ আয়োজন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত ব্রাহ্মনডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের পাঁচটি কক্ষে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ বছর তৃতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত মোট ১৬৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করলেও পরীক্ষায় অংশগ্রহণ করে মোট ১৩২ জন শিক্ষার্থী।
এর আগে সকাল ৯টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তন কক্ষে ২০২৪ সালের মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির দ্বিতীয় কিস্তির অর্থ বিতরণ করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক ও সরকারি তোলারাম কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. গিয়াস উদ্দীন বলেন, এই পরীক্ষার মাধ্যমে মোট ২০ জন মেধাবী শিক্ষার্থীকে এক বছরের জন্য বৃত্তি প্রদান করা হবে।
তিনি আরও বলেন, অনার্স ক্লাব পুরাপাড়া ইউনিয়নে শিক্ষা, স্বাস্থ্য, বৃক্ষরোপণ, রক্তদান, তথ্যপ্রযুক্তি বিষয়ক সেবা ও যুব প্রশিক্ষণসহ বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
পরীক্ষা সুশৃঙ্খলভাবে পরিচালনায় দায়িত্ব পালন করেন সংগঠনের কোষাধ্যক্ষ ও সদ্য ৪৫তম বিসিএস (কৃষি ক্যাডার) সুপারিশপ্রাপ্ত তারিকুর রহমান অংকন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তানভীর তালুকদার ও তনয় তালুকদারসহ নুর আলম ফকির, কাজী শাকিল, মেহেদী হাসানসহ একঝাঁক স্বেচ্ছাসেবক।
সংগঠনের সদস্য তনয় তালুকদার জানান, খুব দ্রুত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এবং আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তির অর্থ বিতরণ করা হবে।
কোষাধ্যক্ষ তারিকুর রহমান অংকন বলেন, সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব হবে ইনশাআল্লাহ ।