চাঁদপুরের হাইমচরে ইজি বাইক (অটো) চুরির সময় স্থানীয় জনতার ধাওয়ায় দুইজনকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে তাদের হাইমচর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
গত ১ অক্টোবর দিবাগত রাতে উপজেলার ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের মহজমপুর গ্রামের মরহুম আঃ রহমান চেয়ারম্যানের বাড়িসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একটি চক্র ইজি বাইক চুরির চেষ্টা চালালে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করেন। একপর্যায়ে চাঁদপুর সদর এলাকায় গিয়ে দুইজনকে আটক করতে সক্ষম হন তারা।
আটককৃতদের মধ্যে বিল্লাল হোসেনের বাড়ি হাইমচরের লামছড়ি গ্রামের মুন্সিবাড়ি এলাকায়। অপরজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।
হাইমচর থানা পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি জিজ্ঞাসাবাদের মাধ্যমে চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চালানো হবে।