স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ০১ অক্টোবর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ০১ অক্টোবর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : কটিয়াদীতে তিতাস লাইনে লিকেজ: কিশোরগঞ্জে ৮ হাজার গ্রাহকের গ্যাস বন্ধ
এক নজরে : কিশোরগঞ্জের কটিয়াদীতে আড়িয়াল খাঁ নদের তলদেশে তিতাস গ্যাসের উচ্চচাপের মূল সঞ্চালন পাইপলাইনে প্রায় ৪৫ দিন ধরে লিকেজ চলছে। এতে একদিকে বিপুল পরিমাণ জাতীয় সম্পদ গ্যাস অপচয় হচ্ছে, অন্যদি...
কটিয়াদীতে তিতাস লাইনে লিকেজ: কিশোরগঞ্জে ৮ হাজার গ্রাহকের গ্যাস বন্ধ
Watermark Logo
কিশোরগঞ্জের কটিয়াদীতে আড়িয়াল খাঁ নদের তলদেশে তিতাস গ্যাসের উচ্চচাপের মূল সঞ্চালন পাইপলাইনে প্রায় ৪৫ দিন ধরে লিকেজ চলছে। এতে একদিকে বিপুল পরিমাণ জাতীয় সম্পদ গ্যাস অপচয় হচ্ছে, অন্যদিকে তীব্র গ্যাসের গন্ধে আতঙ্ক ও স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন নদীপাড়ের বাসিন্দারা। নিরাপত্তার স্বার্থে কিশোরগঞ্জ জেলা সদরে তিতাস গ্যাসের সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

উপজেলার মসুয়া ইউনিয়নের কাজীর চর এলাকায় আড়িয়াল খাঁ নদের তীরে এই ঘটনাটি ঘটে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গ্যাস লিকেজের ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। প্রতিদিন নদীর তীরে শত শত উৎসুক জনতা এই দৃশ্য দেখতে ভিড় করছেন।

স্থানীয়দের অভিযোগ, নদীর তীরে স্থাপিত একটি চুন কারখানায় অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার চেষ্টা করার সময় এই ছিদ্র তৈরি হয়।
চুন কারখানার তথ্য: স্থানীয়রা জানান, গত জুন মাসের শুরুতে নদীপাড়ে ১৭ শতাংশ জমি ভাড়া নিয়ে সুনামগঞ্জের ছাতক উপজেলার দেলোয়ার হোসেন তালুকদার একটি চুন কারখানা স্থাপন করেন।

অভিযোগ: এলাকাবাসীর দাবি, রাতের আঁধারে ওই কারখানার জন্য নদীর তলদেশের উচ্চচাপের লাইন থেকে সংযোগ নেওয়ার চেষ্টা চালানো হয়। পাইপলাইন ছিদ্র হওয়ার পর তা কচুরিপানা দিয়ে ঢেকে রাখার চেষ্টা করা হয়েছিল। তবে গ্যাসের বুদবুদ ও তীব্র গন্ধে বিষয়টি জানাজানি হয়ে গেলে কারখানাটি বন্ধ করে মালিক ও শ্রমিকরা সটকে পড়েন।

তবে এই ঘটনায় অভিযুক্ত স্থানীয় ইউপি সদস্য মিলন মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, "প্রতিপক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নাম জড়াচ্ছে। ওই কারখানার জমির দলিলে আমার কোনো স্বাক্ষর বা সম্পৃক্ততা নেই।

বুরুদিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও স্থানীয় বাসিন্দা রিয়াদ মিয়া জানান, প্রায় দেড় মাস ধরে গ্যাস নির্গমন চলছে। শুরুতে বুদবুদ কম থাকলেও বর্তমানে তা ভয়াবহ রূপ নিয়েছে। তিনি অভিযোগ করেন, ঠিকাদারের গাফিলতি ও নিম্নমানের কাজের কারণে মেরামত দীর্ঘায়িত হচ্ছে। পাশাপাশি এই গ্যাস চুরির পেছনে তিতাসের অসাধু কর্মকর্তাদের যোগসাজশ থাকতে পারে বলে তিনি নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

গ্যাস সরবরাহ বন্ধ থাকায় কিশোরগঞ্জ শহরের প্রায় আট থেকে নয় হাজার আবাসিক ও বাণিজ্যিক গ্রাহক চরম ভোগান্তিতে পড়েছেন।
স্থানীয়দের দাবির মুখে প্রায় এক মাস পর তিতাস গ্যাসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং গত ৯ জুলাই থেকে মেরামতকাজ শুরু করেন। শনিবার (১ আগস্ট) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, নদীর তলদেশ থেকে এখনো গ্যাসের বুদবুদ উঠছে এবং তিতাসের কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন। মো. মোশাররফ হোসেন (ব্যবস্থাপক, কিশোরগঞ্জ তিতাস গ্যাস জোনাল বিক্রয় অফিস "ঝুঁকি এড়াতে কিশোরগঞ্জের পুরো গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে এবং লাইনের চাপ কমিয়ে দেওয়া হয়েছে। মেরামতকাজ শেষ না হওয়া পর্যন্ত এটি বন্ধ থাকবে। মো. শামীম হোসেন (ব্যবস্থাপক, তিতাস গ্যাস ভালুকা অপারেশন ডিভিশন "আমাদের প্রথম অগ্রাধিকার হলো লিকেজটি দ্রুত বন্ধ করা। বর্ষাকালে নদীর তলদেশে প্রবল স্রোত, পানির চাপ ও মাটি ধসের কারণে কাজ অত্যন্ত জটিল হয়ে পড়েছে। তবে অবৈধ সংযোগ চেষ্টার বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি।

কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ সাংবাদিকদের জানান 
"প্রশাসন ও তিতাস যৌথভাবে বিষয়টি তদারকি করছে। লিকেজ পুরোপুরি বন্ধ হলে কারিগরি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে এটি অবৈধ সংযোগের চেষ্টা ছিল নাকি অন্য কোনো কারণ। তদন্তে অপরাধ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দীর্ঘ প্রায় দেড় মাস ধরে নদীর তলদেশে উচ্চচাপের সঞ্চালন পাইপলাইন থেকে গ্যাস বের হলেও এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো দায়ী ব্যক্তিকে শনাক্ত করা যায়নি, এমনকি কোনো মামলাও দায়ের হয়নি। রাষ্ট্রীয় সম্পদের এমন অপচয় এবং দায়িত্বে অবহেলা নিয়ে স্থানীয় জনমনে তীব্র ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন