কিশোরগঞ্জে মাদক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ জাহাঙ্গীর (৩৮)-কে গ্রেফতার করেছে র্যাব-১৪। গতকাল সোমবার (১৮ মে ২০২৬ খ্রিঃ) দুপুরে কিশোরগঞ্জ সদর থানার রেল স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জাহাঙ্গীর কিশোরগঞ্জ সদর থানার পূর্ব তারাপাশা এলাকার মৃত বাহারের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-১৪, কিশোরগঞ্জের একটি আভিযানিক দল সোমবার দুপুর আনুমানিক ১২:০৫ ঘটিকায় কিশোরগঞ্জ সদর রেল স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে জাহাঙ্গীরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
মামলার বিবরণী থেকে জানা যায়, আসামির বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মাদক মামলা রয়েছে [মামলা নং-১০(০৬)২২]। উক্ত মামলায় আদালত তাকে ০১ (এক) বছরের কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই জাহাঙ্গীর দেশের বিভিন্ন স্থানে নিজের নাম-পরিচয় গোপন করে দীর্ঘদিন যাবৎ পলাতক জীবনযাপন করছিল।
সিপিসি-২, র্যাব-১৪-এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট ওয়ারেন্ট তামিলকারী অফিসারের নিকট হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।