১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার (৩ বৈশাখ) রাজধানীর মগবাজারস্থ মধুবাগে অবস্থিত শহিদ লে. সেলিম শিক্ষালয়ে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের কর্মসূচিতে ছিল বৈশাখী মেলা, বাঙালির ঐতিহ্যভিত্তিক সাংস্কৃতিক পরিবেশনা, বায়স্কোপসহ নানা আয়োজন। শিক্ষার্থীদের অংশগ্রহণে দলীয় সংগীত, একক সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে।
সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে মাইমুনা, সামিরা খান মাহি, মুসকান, সামিয়া, সারিকা, ফারজানা, রাঈদা, শুভশ্রী, সোহান আল আমিন, নিরব, সপ্তকসহ আরও অনেক শিক্ষার্থী। তাদের পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
সাংস্কৃতিক অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শিক্ষিকা শ্যামা দাস এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাহিন সরকার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতানা রাজিয়া হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, “নতুন বছরে সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আসুক। পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব, যা আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনাকে আরও সুদৃঢ় করে।” তিনি শিক্ষার্থীদের সৃজনশীলতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষিকা নীলুফার ইয়াসমিন নীলা, দিলরুবা খানমসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠান শেষে স্বল্প পরিসরে আয়োজিত বৈশাখী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করা হয়। এ সময় শিক্ষার্থীরা জানায়, এ আয়োজন তাদের জন্য অত্যন্ত আনন্দময়, স্মরণীয় ও শিক্ষণীয় ছিল। এই আয়োজনের মাধ্যমে তারা বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানতে পেরেছে।