স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ০১ অক্টোবর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ০১ অক্টোবর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : আদর্শ একাডেমী ফরিদগঞ্জে মেধা ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ‎
এক নজরে : চাঁদপুরের ফরিদগঞ্জে আদর্শ একাডেমীতে মেধা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।‎শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয...
আদর্শ একাডেমী ফরিদগঞ্জে মেধা ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ‎
Watermark Logo
চাঁদপুরের ফরিদগঞ্জে আদর্শ একাডেমীতে মেধা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এম এ হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজি, বিদ্যালয়ের অধ্যক্ষ হারুনুর রশীদ, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন, একাডেমিক সুপারভাইজার আবদুল্লাহ আল মামুন, উপজেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ ইউনুস, ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মন্জিল হোসেন এবং বিশিষ্ট রাজনীতিবিদ ডাঃ আবুল কালাম আজাদ প্রমুখ।

‎অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বিদ্যালয়ের অধ্যক্ষ হারুনুর রশীদ বলেন, দীর্ঘদিন ধরে বৈষম্যের কারণে প্রতিষ্ঠানটি এখনো একটি স্থায়ী ভবন পায়নি। তিনি শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সংসদ সদস্যের মাধ্যমে দ্রুত একটি ভবন নির্মাণের দাবি জানান।

‎প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব এম এ হান্নান আশ্বাস দিয়ে বলেন, বিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় ভবন নির্মাণে তিনি উদ্যোগ নেবেন। পাশাপাশি তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের বৈষম্যমূলক রাজনীতি আর চলবে না এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সকলকে একযোগে কাজ করতে হবে।

‎অন্যদিকে, বিশেষ অতিথি মাওলানা বিল্লাল হোসেন মিয়াজি তার বক্তব্যে বলেন, তিনি এবং এম এ হান্নান উভয়েই সংসদ সদস্য প্রার্থী ছিলেন, যেখানে এম এ হান্নান স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়ে জনগণের প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। তিনি আরও বলেন, আপনি এখন কোনো দলের নয়, পুরো জনগণের প্রতিনিধি। আপনি যদি জনস্বার্থে কাজ করেন, আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী আপনার পাশে থাকবো। কিন্তু যদি বৈষম্যের রাজনীতি করা হয়, তাহলে আমরা তার বিরোধিতা করবো।

‎অতিথিরা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে দেশ গঠনে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
‎অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হলে আনন্দে ভরে ওঠে পুরো প্রাঙ্গণ।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন