“সততা, সম্পৃক্ততা ও সহানুভূতি” — এই স্লোগানকে সামনে রেখে সমাজের অসহায় মানুষের কল্যাণে কাজ করার ব্রত নিয়ে গড়ে ওঠা সামাজিক সংগঠন ডেলের বাজার সমাজকল্যাণ সংঘ।
সমাজের অসহায়, দুঃস্থ ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ করা হয়েছে।
রবিবার (২২ মার্চ ২০২৬) সকালে বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে সংগঠনের সভাপতি আল আমিন রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে উপদেষ্টা মহিববুল্লাহ মহিব এবং সাধারণ সম্পাদক আতিকুর রহমান বাদল সঞ্চালনা করেন। স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক বুলবুল ইসমাইল।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্পেন প্রবাসী হাজী আবদুল হাকিম মিয়া, সংগঠনের উপদেষ্টা হাসান ইমাম মাসুদ, হান্নান গাজী ও মিলন মাতাব্বর।
এছাড়াও বক্তব্য রাখেন মনির হোসেন দেওয়ান, ইউপি সদস্য আবুল মিজি এবং হাসান ভূঞা।
এ সময় সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ, সম্মানিত সদস্য, শুভানুধ্যায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ২০১৮ সাল থেকে ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের সদস্যরা নীরবে ও নিভৃতে, বিনা প্রচারে সমাজের মানুষের জন্য কাজ করে আসছেন। বর্তমান সময়ে অনেকেই ব্যক্তিস্বার্থ বা রাজনৈতিক উদ্দেশ্যে দান-অনুদান করলেও এই সংগঠনটি ব্যতিক্রম, যারা নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।
তারা আরও বলেন, আজকের এই শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ জোগাবে এবং তাদের এগিয়ে যেতে সহায়তা করবে।
উল্লেখ্য, এর আগে ডেলের বাজার সমাজকল্যাণ সংঘ অসহায় ও দুঃস্থদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন, টিন ও ছাগল বিতরণ, খাদ্যসামগ্রী সহায়তা, করোনাকালীন বিভিন্ন সহায়তা, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, প্রতি ঈদে শাড়ি-লুঙ্গি বিতরণসহ ছাত্রছাত্রীদের বিভিন্ন সময়ে সহযোগিতা প্রদান করে আসছে।