ভোলার সদর উপজেলায় কোস্ট গার্ড ও পুলিশের এক যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. জিলন খান (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) মধ্যরাতে পশ্চিম চরনোয়াবাদ সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
আটককৃত জিলন খান বাপ্তা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশ্চিম চরনোয়াবাদ গ্রামের মো. সোলাইমানের ছেলে।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা ও পুলিশ সদস্যের সমন্বয়ে একটি বিশেষ দল পশ্চিম চরনোয়াবাদ এলাকায় যৌথ অভিযান চালায়। অভিযান চলাকালীন সন্দেহভাজন এলাকায় তল্লাশি চালিয়ে আনুমানিক ৪০ হাজার টাকা বাজারমূল্যের ১ কেজি গাঁজাসহ জিলন খানকে হাতেনাতে আটক করা হয়।
অভিযান শেষে জব্দকৃত মাদক ও আটককৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের মাদকবিরোধী বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।