ভোলার সদর উপজেলায় কোস্ট গার্ডের এক বিশেষ অভিযানে ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। আজ ২৬ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার মধ্যরাতে সদর থানাধীন মুহুরী পাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।
কোস্ট গার্ড বেইস ভোলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৩টার দিকে মুহুরী পাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করে আনুমানিক ৪৪ হাজার টাকা মূল্যের ১ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করে কোস্ট গার্ড।
আটককৃতদের পরিচয়: আটককৃত ব্যক্তিরা হলেন
১. হারুন (৩০), পিতা: মো. আবুল কালাম, গ্রাম: বিএমপি বাজার চরশামাইয়া ২নং ওয়ার্ড।
২. মো. রবিউল ইসলাম (২০), পিতা: মো. সেলিম, গ্রাম: মুহুরী পাড়া চরশামাইয়া ২নং ওয়ার্ড।
জব্দকৃত গাঁজা এবং আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে উপকূলীয় এলাকায় এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।