ঢাকা | মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

কিশোরগঞ্জে মাদকের আস্তানায় আগুন, এলাকাছাড়া মাদক কারবারিরা

  • রিপোর্টার : নিজাম উদ্দীন,কিশোরগঞ্জ প্রতিনিধি: | প্রকাশিত : ২৯ সেপ্টে ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৩০২৭৪
কিশোরগঞ্জে মাদকের আস্তানায় আগুন, এলাকাছাড়া মাদক কারবারিরা ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
কিশোরগঞ্জ জেলা সদরের যশোদল মধ্যপাড়া ও রেলস্টেশন সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা মাদক কারবার ও সেবনের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। মাদক নির্মূলে এবার তারা গড়ে তুলেছেন কঠোর গণপ্রতিরোধ। শুক্রবার জুমার নামাজের পর শত শত মানুষ একত্রিত হয়ে চিহ্নিত মাদকের আস্তানাগুলো ভেঙে গুঁড়িয়ে দেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রেলস্টেশন এলাকা, রেললাইনের পাশ এবং যশোদল মধ্যপাড়ার কয়েকটি স্থানে প্রকাশ্যে মাদক কেনাবেচা ও সেবন চলছিল। মাদকের এই আগ্রাসনের কারণে এলাকায় চুরি, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বৃদ্ধি পাচ্ছিল। তরুণ ও কিশোররা মাদকাসক্ত হয়ে পড়ায় অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছিল। বারবার অভিযোগ জানিয়েও প্রতিকার না মেলায় স্থানীয়রা নিজেরাই মাঠে নামার সিদ্ধান্ত নেন।

শুক্রবার জুমার নামাজ শেষে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে আসেন। এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন সিদ্ধিশ্বরী জামে মসজিদের মুসল্লি, স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, যুবসমাজ, সামাজিক সংগঠনের সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। ‘মাদক আমাদের সন্তানদের ভবিষ্যৎ ধ্বংস করছে’, ‘মাদকমুক্ত সমাজ চাই’—এমন নানা স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

​বিক্ষুব্ধ জনতা অভিযানের এক পর্যায়ে চিহ্নিত মাদকের আস্তানাগুলো ভেঙে ফেলেন। এছাড়া ভবিষ্যতে যেন সেগুলো পুনরায় আড্ডা হিসেবে ব্যবহৃত না হয়, সেজন্য কয়েকটি পরিত্যক্ত ও অস্থায়ী স্থাপনায় আগুন ধরিয়ে দেওয়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহউদ্দিন ফারুকী। তিনি বলেন, “রেলওয়ের জায়গা বা রেললাইনের আশপাশে কোনো অবস্থাতেই মাদকের আস্তানা গড়ে উঠতে দেওয়া হবে না। অবৈধ দখলদার বা মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

​এরপর কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তিনি স্থানীয়দের শান্তিপূর্ণভাবে এলাকা ত্যাগের আহ্বান জানান এবং আইনশৃঙ্খলার অবনতি যাতে না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

স্থানীয়রা জানান, মাদকের ভয়াল থাবা থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতেই তারা এই উদ্যোগ নিয়েছেন। তারা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিয়েছেন, যশোদল মধ্যপাড়া কিংবা কিশোরগঞ্জের কোথাও আর কোনো মাদকের আস্তানা থাকতে দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গড়তে তারা শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ থাকবেন বলে জানান।

নিউজটি পোস্ট করেছেন : মো: ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত