চাঁদপুরের ফরিদগঞ্জে মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষায় মাদকবিরোধী র্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের গাজীপুর বাজারসংলগ্ন গাজীপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের হলরুমে ফরিদগঞ্জ থানা পুলিশের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মাদকবিরোধী র্যালিটি গাজীপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজারে আয়োজিত সচেতনতামূলক আলোচনা সভায় গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি পরিবার থেকেই সচেতনতা তৈরির আহ্বান জানান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আল-আমিন বলেন, “মাদক নির্মূল করা শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়। সমাজের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করতে হবে। সচেতনতা শুরু করতে হবে নিজের ঘর থেকেই। আপনার আশপাশে কেউ মাদক সেবন করলে তাকে বুঝিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করুন। এতে কাজ না হলে সম্মিলিতভাবে তাকে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে মাদক বিক্রেতাদের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নিতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে ফরিদগঞ্জ থানার এএসআই শাখাওয়াত মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, “আজকের এই সভার মাধ্যমে যারা মাদক সেবন করেন এবং মাদক বিক্রির সঙ্গে জড়িত, তাদের সতর্ক করতে চাই। আপনারা চাইলে আমাদের সঙ্গে কথা বলে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। পুলিশ আপনাদের সহযোগিতা করবে। তবে সমাজ থেকে মাদক নির্মূলে ফরিদগঞ্জ থানা পুলিশ বদ্ধপরিকর।”
তিনি আরও বলেন, “মাদকবিরোধী অভিযানের পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা জরুরি। মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে।”
বিট পুলিশিং কমিটির ইউনিয়ন সভাপতি মোক্তার আহমেদ খন্দকারের সভাপতিত্বে এবং মমিনুল ইসলাম মমিনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন বিট পুলিশিং কমিটির ইউনিয়ন কমিটির সদস্য আবু সাঈদ খান, সাইফুল ইসলাম পারভেজ, ফরিদ মজুমদার, মজিবুর রহমান পাঠান, টেলু খান, আবুল হাসনাত নয়ন, আলমগীর হোসেন, মো. ইউসুফ ঢালী, রমজান আলী, নিরব, ফয়েজ উল্লা, ইলিয়াছ খান, ছাত্রনেতা রাহাত পাটোয়ারী, সবুজ গাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় বক্তারা মাদককে সামাজিক ব্যাধি হিসেবে উল্লেখ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষায় পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
মো: ফয়েজ উদ্দিন