ভোলার সদর উপজেলায় কোস্ট গার্ডের এক বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. কালাম (৪৫) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করা হয়েছে। গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ভোলার শেরে-বাংলা বাজার সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
কোস্ট গার্ড বেইস ভোলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কেনাবেচার খবর পেয়ে কোস্ট গার্ডের একটি বিশেষ দল শেরে-বাংলা বাজার এলাকায় অবস্থান নেয়। সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত এই মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ হাজার টাকা।
আটককৃত মাদক কারবারি মো. কালাম ভোলার পশ্চিম চরখালী গ্রামের (৩ নং ওয়ার্ড, ডাক: ব্যাংকের হাট) ইউনুস ডাক্তারের ছেলে। স্থানীয় পর্যায়ে তিনি মাদক সরবরাহের সাথে জড়িত ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
অভিযান শেষে জব্দকৃত গাঁজা এবং আটককৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে তাদের এই ‘জিরো টলারেন্স’ নীতি এবং অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মোঃ ফয়েজ উদ্দিন