ঢাকা | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

তোতলামি হার মানে সুমধুর তিলাওয়াতে: সুবর্ণচরের হাফেজ মিকাইলের বিস্ময়কর সাফল্য

  • রিপোর্টার : নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত : ২৪ সেপ্টে ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৫৩৯৮৯
তোতলামি হার মানে সুমধুর তিলাওয়াতে: সুবর্ণচরের হাফেজ মিকাইলের বিস্ময়কর সাফল্য ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
কথা বলতে গেলে শব্দ জড়িয়ে যায়, প্রতিটি বাক্য বের করতে হয় অনেক পরিশ্রমে। তোতলামির কারণে স্বাভাবিক কথাবার্তা যেখানে মিকাইলের জন্য এক বড় চ্যালেঞ্জ, সেখানে পবিত্র কোরআন তিলাওয়াত শুরু করলেই বদলে যায় পুরো দৃশ্যপট। তখন আর কোনো জড়তা থাকে না—অনর্গল, স্পষ্ট ও অত্যন্ত সুরেলা কণ্ঠে তিলাওয়াত করে সবাইকে মুগ্ধ করছেন নোয়াখালীর সুবর্ণচর উপজেলার শিশু হাফেজ তাকমিল উদ্দিন মিকাইল।

​তাকমিল উপজেলার পূর্ব মোহাম্মদপুর ৭নং ওয়ার্ডের বাসিন্দা তসলিম উদ্দিনের একমাত্র ছেলে। অভাবনীয় মেধার পরিচয় দিয়ে সে স্থানীয় ‘তামীরুল উম্মাহ হিফজুল কুরআন মাদরাসা’ থেকে মাত্র সাত মাসে পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেছে। বর্তমানে সে নিজের এলাকাতেই পবিত্র রমজানে তারাবির নামাজে ইমামতি করছে।

​জড়িয়ে যাওয়া কণ্ঠে মিকাইল জানায়, ছোটবেলা থেকেই তার কথা বলতে সমস্যা হয়। অনেক সময় মনের ভাব প্রকাশ করতে কষ্ট হলেও তিলাওয়াতের সময় মহান আল্লাহর রহমতে সবকিছু সহজ হয়ে যায়। তখন সে কোনো জড়তা অনুভব করে না। ভবিষ্যতে বড় আলেম ও ক্বারী হয়ে ইসলামের সেবা করাই তার একমাত্র লক্ষ্য।

​মিকাইলের এই অদম্য যাত্রায় মুগ্ধ তার শিক্ষক ও সহপাঠীরাও। হিফজ শিক্ষক এমদাদ উল্লাহ মহাজির বলেন, "তাকমিল অত্যন্ত বিনয়ী ও পরিশ্রমী। অল্প সময়ে নিষ্ঠার সাথে সে হিফজ শেষ করেছে। তার তিলাওয়াতের মাধুর্য আমাদের সবাইকে অবাক করে।" মাদরাসার পরিচালক হাফেজ মো. নাছরুল্লাহ মনে করেন, মিকাইলের এই প্রতিভা অন্য শিক্ষার্থীদের জন্য এক বড় অনুপ্রেরণা।

​সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আকিব ওসমান মিকাইলের এই অর্জনকে প্রশংসনীয় উল্লেখ করে বলেন, "শারীরিক জড়তা থাকা সত্ত্বেও মাত্র সাত মাসে হাফেজ হওয়া এবং অনর্গল তিলাওয়াত করা সত্যিই এক অলৌকিক বিষয়। মিকাইল আমাদের সমাজের গর্ব।"

​শারীরিক সীমাবদ্ধতা যে অদম্য ইচ্ছাশক্তির কাছে হার মানতে বাধ্য, হাফেজ তাকমিল উদ্দিন মিকাইল আজ তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত।

নিউজটি পোস্ট করেছেন : মো: ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত

বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত