ভোলার লালমোহনে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ এক জেলেকে আটক করা হয়েছে।
মঙ্গলবার ২৩ ডিসেম্বর ২০২৫ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকাল ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন লালমোহনের উদ্যোগে ভোলার লালমোহন থানাধীন চর উমেদ পাংগাশিয়া সুলিজ ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ওই এলাকা থেকে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত ট্রলিং বোটে তল্লাশি চালিয়ে আনুমানিক ৯০ হাজার টাকা মূল্যের তিনটি ট্রলিং জাল উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা এক জেলেকে আটক করা হয়।
আটককৃত জেলের নাম মো. আজাহার। তিনি পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন বোয়ালিয়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম কাশেম প্যাদা।
পরে সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত আর্টিসানাল ট্রলিং বোট থেকে সকল ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করা হয়। উদ্ধারকৃত ট্রলিং জাল এবং আটককৃত জেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, দেশের মৎস্য সম্পদ রক্ষা এবং অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
স্বাধীন একাত্তর