ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক উত্তেজনা এবং সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কায় ইসরায়েলে অবস্থানরত নিজ নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক জরুরি সতর্কবার্তায় এই নির্দেশনা দেওয়া হয়।
মার্কিন নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে যেন বাণিজ্যিক বিমান চলাচল স্বাভাবিক থাকতেই তারা ইসরায়েল ত্যাগ করেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মার্কিন নাগরিকদের ইসরায়েল ভ্রমণে সাময়িকভাবে নিষেধ করা হয়েছে। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হুকাবি দূতাবাসের কর্মকর্তাদের জানিয়েছেন, যারা চলে যেতে চান তারা যেন দেরি না করে দ্রুত টিকিট সংগ্রহ করেন। প্রয়োজনে অন্য কোনো দেশে গিয়ে সেখান থেকে যুক্তরাষ্ট্রে ফেরার পরামর্শ দেওয়া হয়েছে।
সম্প্রতি জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া আলোচনা কোনো সুনির্দিষ্ট সমাধানে পৌঁছাতে পারেনি। যদিও আগামী সপ্তাহে পুনরায় বসার সম্ভাবনা রয়েছে, তবে বর্তমান পরিস্থিতি বেশ থমথমে।
ইতোমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে দুটি রণতরীসহ এক ডজন যুদ্ধজাহাজ এবং বিপুল সংখ্যক যুদ্ধবিমান মোতায়েন করেছেন। আশঙ্কা করা হচ্ছে, কূটনৈতিক সমাধান না হলে যেকোনো সময় সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তির শর্ত নিয়ে প্রধানত দুটি বিষয়ে মতপার্থক্য দেখা দিয়েছে:
পারমাণবিক কেন্দ্র: যুক্তরাষ্ট্র ইরানের তিনটি প্রধান পারমাণবিক কেন্দ্র পুরোপুরি ধ্বংস এবং সব কার্যক্রম বন্ধের দাবি জানাচ্ছে।
চুক্তির মেয়াদ: ওয়াশিংটন চাইছে অনির্দিষ্টকালের জন্য চুক্তি করতে, কিন্তু তেহরান চাইছে একটি নির্দিষ্ট মেয়াদের জন্য কার্যক্রম স্থগিত রাখতে।
মো: ফয়েজ উদ্দিন