ঢাকা | শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ খ্রি.

চাঁদপুরে মৎস্যমন্ত্রী আমিন উর রশিদ, মা ইলিশ রক্ষায় সচেতনতা ও ভিজিএফের চাল বিতরণ; উৎপাদন কমার কারণ খুঁজছেন বিজ্ঞানীরা

  • রিপোর্টার : মো. কামরুল ইসলাম, চাঁদপুর সদর: | প্রকাশিত : ১৬ অক্টো ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ১০৫৭
চাঁদপুরে মৎস্যমন্ত্রী আমিন উর রশিদ, মা ইলিশ রক্ষায় সচেতনতা ও ভিজিএফের চাল বিতরণ; উৎপাদন কমার কারণ খুঁজছেন বিজ্ঞানীরা ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা, উৎপাদন বৃদ্ধি এবং নিষেধাজ্ঞাকালে জেলেদের খাদ্যসহায়তা দেওয়ার লক্ষ্যে চাঁদপুরে ভিজিএফের চাল বিতরণ ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় চাঁদপুর সদর উপজেলার পশ্চিম দাসাদী বড় খানবাড়ির মাঠে মৎস্য অধিদপ্তর, চাঁদপুরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

মন্ত্রী বলেন, ‘বুকে হাত দিয়ে বলুন, কোনো ইলিশ ধরব না।’ মা ইলিশ সংরক্ষণে জেলেদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা মেনে চললে ভবিষ্যতে ইলিশের উৎপাদন বাড়বে।

তিনি আরও বলেন, নিষেধাজ্ঞার সময়ে জেলেরা যাতে খাদ্যসংকটে না পড়েন, সে জন্য সরকার প্রতিবছর খাদ্যসহায়তা দিয়ে থাকে। পাশাপাশি বিকল্প আয়ের উৎস তৈরিতে খাঁচায় ভাসমান মাছ চাষের মতো আধুনিক পদ্ধতি চালুর ওপর গুরুত্বারোপ করেন তিনি। মন্ত্রী বলেন, ইলিশের উৎপাদন কমার কারণ খুঁজে বের করতে বিজ্ঞানীরা কাজ করছেন।

বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, মা ইলিশ রক্ষায় জেলে, জনপ্রতিনিধি, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নিষেধাজ্ঞার সময়ে জেলেদের সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া এবং অবৈধভাবে ইলিশ ধরা ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক, পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান।

চাঁদপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ওমর ফারুকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা মো. ফখরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সদর উপজেলা মসজিদের ইমাম মোজাহিদ ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সালিম উল্লাহ সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল সিদ্দিক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

উল্লেখ্য, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে গত ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন পদ্মা-মেঘনাসহ নির্ধারিত নদ-নদীতে ইলিশ আহরণে নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। এ সময়ে ইলিশ ধরা, পরিবহন, মজুত ও বিপণনে সরকারি বিধিনিষেধ মেনে চলার নির্দেশনা রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : মো: ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদপুরে মৎস্যমন্ত্রী আমিন উর রশিদ, মা ইলিশ রক্ষায় সচেতনতা ও

চাঁদপুরে মৎস্যমন্ত্রী আমিন উর রশিদ, মা ইলিশ রক্ষায় সচেতনতা ও