বাংলাদেশ ব্যাংকের এক দেশ, এক কিউআর লেনদেন উদ্যোগ বাস্তবায়ন এবং দেশব্যাপী ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ে তোলার লক্ষ্যে ভোলায় বর্ণাঢ্য র্যালি, ক্যাম্পেইন, ফিতা কাটা, বাংলা কিউআর কোড বিতরণ ও সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করেছে পূবালী ব্যাংক পিএলসি, ভোলা শাখা।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে ভোলার জিয়া সুপার মার্কেটে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পরিষদের প্রশাসক ও ভোলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ গোলাম নবী আলমগীর। তিনি ফিতা কেটে এবং ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর কোড বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ব্যাংকের কর্মকর্তা মো. নাজিম উদ্দিন এবং গীতা পাঠ করেন আশিক পোদ্দার।
স্বাগত বক্তব্যে পূবালী ব্যাংক ভোলা শাখার এজিএম পরিমল চন্দ্র বিশ্বাস বলেন, ডিজিটাল লেনদেনকে সহজ, নিরাপদ ও সর্বজনীন করতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ বাস্তবায়নে পূবালী ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পূবালী ব্যাংক পিএলসি বরিশাল রিজিয়নের এডিসি (ইনচার্জ) মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, বাংলা কিউআর ব্যবস্থার মাধ্যমে একই কিউআর কোড ব্যবহার করে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস থেকে দ্রুত, নিরাপদ ও ঝামেলামুক্ত লেনদেন করা সম্ভব হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও ব্রিকস ফিল্ড মালিক সমিতির সভাপতি মো. তরিকুল ইসলাম কায়েদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মুনতাসির আলম (রবিন চৌধুরী), জিয়া সুপার মার্কেটের সাধারণ সম্পাদক আলহাজ হারুন অর রশীদ, ভোলা অটো রাইস মিল সমিতির সভাপতি আলহাজ মো. আলমগীর হোসেন এবং মুকুল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আলহাজ আইয়ুব আলী মিয়া।
এছাড়া বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসি কুঞ্জেরহাট উপশাখার ব্যবস্থাপক মো. মেজবাহ উদ্দিন এবং বাংলাবাজার উপশাখার ব্যবস্থাপক মো. ফখরুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি ও লেখক গাজী তাহের লিটন। সার্বিক সমন্বয়ে ছিলেন ব্যাংকের কর্মকর্তা মো. মেহেদী হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ গোলাম নবী আলমগীর বলেন, “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার প্রসার সময়ের দাবি। দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে নিরাপদ, সহজ ও আধুনিক ব্যাংকিং সেবার আওতায় আনতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় পূবালী ব্যাংক যে উদ্যোগ গ্রহণ করেছে, তা অত্যন্ত প্রশংসনীয়।
তিনি পূবালী ব্যাংক পিএলসি ভোলা শাখার এ কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
স্বাধীন একাত্তর