চাঁদপুর সদর উপজেলার ৯ নং বালিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে একটি প্রায় ৫০ বছরের পুরনো গ্রামীণ সড়ক দখলের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে।
স্থানীয়দের দাবি, ফারুক মেম্বারের বাড়ির পাশ দিয়ে চলা এই সড়কটি দীর্ঘদিন ধরে প্রায় দুই হাজার মানুষের চলাচলের একমাত্র পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। শুরুতে এটি একটি ছোট আইল রাস্তা হলেও সময়ের সঙ্গে সঙ্গে এটি একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়কে পরিণত হয়।
এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগে তাদের নিজস্ব জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণ করা হয়েছিল। কিন্তু সম্প্রতি মেইন রোড সংলগ্ন অংশের মালিকানার সুযোগ নিয়ে আওয়ামী লীগের নেতা মৃত্যু আঃ কাদির এর স্ত্রী লাভলী বেগম সহ একটি আওয়ামী লীগের প্রভাবশালী পরিবার টিনের বেড়া দিয়ে রাস্তার একটি অংশ সংকুচিত করে দেয় বলে অভিযোগ উঠেছে।
এর ফলে প্রতিদিন ওই পথে চলাচলকারী প্রায় দুই হাজার মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
ভুক্তভোগীরা জানান, বিষয়টি স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের কাছে জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি।
এলাকাবাসী বাপ-দাদার আমল থেকে ব্যবহার হয়ে আসা এই সড়কটি পুনরায় উন্মুক্ত করার দাবি জানিয়ে স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
তাদের প্রত্যাশা, পূর্বের মতোই ভবিষ্যতেও সাধারণ মানুষের চলাচলের জন্য রাস্তাটি উন্মুক্ত রাখা হবে, যাতে এলাকার বাসিন্দারা স্বস্তিতে চলাচল করতে পারেন।
মো: ফয়েজ উদ্দিন