০২/০২/২০২৬ ইং প্রেস বিজ্ঞপ্তিতে জানান -আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
গণতান্ত্রিক ধারায় উত্তোরণের এই গুরুত্বপূর্ণ অধ্যায়কে সামনে রেখে ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিতকরণ ও সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগে সহায়তার জন্য গত দেড় বছরে বাহিনী তৃণমূল পর্যায়ে শারীরিকভাবে সক্ষম, শিক্ষিত ও দেশপ্রেমিক তরুণ সদস্য–সদস্যাদের অন্তর্ভুক্ত করে পর্যায়ক্রমে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেছে।
তাই এবার ভোটকেন্দ্রের নিরাপত্তায় বাহিনীর অভিজ্ঞ ও তরুণ সদস্যদের সমন্বয়পূর্বক মোতায়েন করা হবে।
দীর্ঘদিন যাবৎ ইউনিয়ন ভিত্তিক টাকার বিনিময়ে গ্রুপ বিক্রি প্রক্রিয়ায় নির্বাচনী মোতায়েন ছিল আর্থিক সুবিধা প্রাপ্তির চেতনা; কিন্তু দেশ সেবার আত্মত্যাগ ছিল গৌণ। সেই অশুভ রীতির ধারা হতে মুক্তির লক্ষ্যে এবং ভোটকেন্দ্রের দায়িত্বপালন নির্বিঘ্ন ও কার্যকরভাবে সম্পন্ন করতে গত দেড় বছর যাবৎ নির্ধারিত চাহিদার তুলনায় অতিরিক্ত প্রশিক্ষণপ্রাপ্ত তরুন সদস্যদের প্রস্তুত করা হয়েছে।
যাতে দায়িত্ব পালনকালে কোনো সদস্য অসুস্থতা, অনিবার্য কারণ বা অন্যান্য জরুরি পরিস্থিতিতে দায়িত্ব পালনে অক্ষম হলে, আকষ্মিক পরিকল্পনা অনুযায়ী অতিরিক্ত সদস্যদের তাৎক্ষণিকভাবে ভোটকেন্দ্রে দায়িত্বে নিয়োজিত করার ব্যবস্থা রাখা হয়েছে।
অতীতে নির্বাচনে মোতায়েনের জন্য নানা তদবীর ও আর্থিক অনিয়মের অভিযোগ থাকলেও, এবার সম্মানিত মহাপরিচালক মহোদয়ের দুর্নীতিতে "জিরো টলারেন্স" নীতির বাস্তব প্রয়োগে শুধুমাত্র বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত, সনদপত্রধারী সদস্যদের আনসার- ভিডিপি ডাটাবেজে নিবন্ধনের মাধ্যমে সঠিক যাচাই–বাছাই শেষে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।
অতীতের রাজনৈতিক বিবেচনা কিংবা কোনরূপ আর্থিক লেনদেনের মাধ্যমে নির্বাচনে মোতায়েনের জন্য বিবেচিত হওয়ার কোন সুযোগ নেই।
এই স্বচ্ছ প্রক্রিয়ায় বাছাই কার্যক্রম সম্পন্ন হওয়ায় অতীতের দুর্নীতিবাজ সিণ্ডিকেটের সদস্যরা সক্রিয় হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাহিনী নির্বাচনী বাছাই প্রক্রিয়া নিয়ে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে—যা সম্পূর্ণ ভিত্তিহীন।
দেশের সকল জনগনের বিশ্বাস ও নির্ভরতার প্রতীক হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সত্য, ন্যায় ও নিষ্ঠার পথে অবিচল থাকবে। কোনো অপতথ্যই এই দায়িত্বশীল যাত্রায় বাধা হয়ে দাঁড়াতে পারবে না।
বাহিনীর সকল স্তরের সদস্যদের একনিষ্ঠ দেশপ্রেম ও পেশাদারিত্বে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করে সকল নাগরিকের সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগে সহায়তা করা হবে, এই আমাদের অঙ্গীকার।
মোঃ ফয়েজ উদ্দিন