চাঁদপুরের ফরিদগঞ্জে নারীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, মাসিককালীন স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক সেমিনার, স্যানিটারি ন্যাপকিন বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে ফরিদগঞ্জের চান্দ্রা আব্দুল হাকিম চৌধুরী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে মানব সেবা সংস্থা (এইচ.এস.ও)-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে নারীদের স্বাস্থ্য সুরক্ষা, সুষম পুষ্টি ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, মাসিককালীন স্বাস্থ্যবিধি ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা, শারীরিক ও মানসিক সুস্থতা এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
সেমিনারে সংগঠনের নারী সদস্যরা নারীদের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন। বিশেষ করে কিশোরী ও নারীদের মাসিককালীন স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।
অনুষ্ঠানে নারীদের ব্যক্তিগত স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার বিষয়ে উৎসাহিত করতে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন এবং জলবায়ু সুরক্ষায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।
আয়োজকরা জানান, নারীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে স্বাস্থ্যবিষয়ক সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। বিশেষ করে কিশোরীদের মধ্যে মাসিককালীন স্বাস্থ্যবিধি, পুষ্টি ও পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা তৈরি করা অত্যন্ত জরুরি। একই সঙ্গে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের মতো কার্যক্রমও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তারা আরও বলেন, নারীর স্বাস্থ্য, নিরাপদ জীবনযাপন এবং পরিবেশ সুরক্ষাকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।
মানব সেবা সংস্থা (এইচ.এস.ও) আয়োজিত এ কর্মসূচি সফল করতে সার্বিক সহযোগিতা করে হেলথকেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার।
স্বাধীন একাত্তর