ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের দক্ষিণ চরনোয়াবাদ এলাকায় বাড়ির পাশ থেকে টিউবওয়েল চুরির অভিযোগ উঠেছে মো. ইউছুফ নামে এক যুবকের বিরুদ্ধে। চুরি করা টিউবওয়েল বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করেন বলে অভিযোগকারীর দাবি। পরে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।
অভিযুক্ত মো. ইউছুফ বাপ্তা ইউনিয়নের চরনোয়াবাদ এলাকার বাসিন্দা ছিডুর ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট রাত আনুমানিক ৮টার দিকে দক্ষিণ চরনোয়াবাদ এলাকার কদম আলী সড়কসংলগ্ন একটি বাড়ি থেকে টিউবওয়েলটি চুরি হয়। চুরি যাওয়া টিউবওয়েলটির আনুমানিক মূল্য প্রায় চার হাজার টাকা।
অভিযোগকারী মো. শহিদুল ইসলাম বলেন, ইউছুফকে তার বাসার সামনে মাদক নিয়ে ঘোরাফেরা করতে দেখে তিনি কয়েকবার বাধা দেন। এর জের ধরেই টিউবওয়েলটি চুরি করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও দাবি করেন, ১৭ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে চুরি যাওয়া টিউবওয়েলটি বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ইউছুফকে আটক করেন। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
এদিকে, ইউছুফকে স্থানীয়দের হাতে আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাকে কয়েকজনের মাঝে আটক অবস্থায় দেখা যায় ।
স্থানীয়দের অভিযোগ, ইউছুফের বিরুদ্ধে এর আগেও চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে গরু চুরি এবং মাদক সেবন ও কেনাবেচার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগও করেছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা।
অভিযোগকারীর দাবি, ওই বাড়িতে এর আগেও বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। সর্বশেষ টিউবওয়েল চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। এ ধরনের ঘটনা বন্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে ভোলা সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
তবে অভিযুক্ত মো. ইউছুফ অভিযোগ অস্বীকার করে বলেন, আমি টিউবওয়েল চুরি করিনি এবং আমি মাদকের সঙ্গে জড়িত নই।
স্বাধীন একাত্তর